
মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার ৭৭টি উপজেলা ও ৩টি পৌরসভায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা ডিসি অফিসের মূল ফটকের সামনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিতর্কিত সার ডিলার নিয়োগ বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, যুগ্ম সম্পাদক খোকা প্রমুখ।
এতে তারা অভিযোগ করে বলেন, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের বিএনপির তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জনবিচ্ছিন্ন গুটিকয়েক মানুষের তৈরি করা তালিকার ভিত্তিতে সার ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই নিয়োগে একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের প্রভাব খাটিয়ে তাদের নিকটাত্মীয়, স্ত্রী-সন্তান ও শ্যালক-শ্যালিকার নামে একাধিক ডিলারশিপ দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক লেনদেন করা হয়েছে।
তাদের দাবি, যারা কখনো সারের ব্যবসা বা কৃষির সঙ্গে যুক্ত ছিলেন না, তাদেরও এই ডিলারশিপ দেওয়া হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বিগত বছরগুলোতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে নির্যাতিত হয়েছেন, তাদের বঞ্চিত করে অর্থ ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলার নিয়োগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই নিয়োগ প্রক্রিয়ার কারণে মাঠপর্যায়ের সাধারণ কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সারের কৃত্রিম সংকট তৈরি হবে। তারা অবিলম্বে এই বৈষম্যমূলক ও বিতর্কিত তালিকা বাতিল করে যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
মন্তব্য করুন