

শ্যামনগর প্রতিনিধি: গতবারের মতো এবারও কোনো আয়োজন ছাড়াই পার হয়ে গেল ঐতিহাসিক শ্যামনগর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল দেশের সর্বদক্ষিণের উপজেলা শ্যামনগর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবসটি উপলক্ষে সরকারি বা বেসরকারি কোনো কর্মসূচি চোখে পড়েনি। টানা দ্বিতীয় বছর দিবসটি পালিত না হওয়ায় স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, একাত্তরের ১৯ নভেম্বর স্থানীয় জনগণ, মুক্তিযোদ্ধা ও সংগঠিত প্রতিরোধ বাহিনীর সম্মিলিত আক্রমণে শ্যামনগর পুরোপুরি হানাদারমুক্ত হয়। ওই দিন উপজেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তীব্র লড়াই হয়। একপর্যায়ে শত্রু বাহিনী পিছু হটলে থানা চত্বরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। প্রথম শত্রুমুক্ত এলাকা হিসেবে উপকূলীয় এই জনপদ পরিচিতি পায় তখন থেকেই।
স্থানীয় সূত্রগুলো জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে নানা উদ্যোগে দিবসটি পালিত হতো। এরপর আর পালিত হয়নি। এবারও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কিংবা স্থানীয় সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো আয়োজন দেখা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো বক্তব্যও দেননি।
এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ ক্ষোভ ও বেদনা প্রকাশ করে বলেন, এ দিনটি আমাদের অস্তিত্বের দিন। অথচ ৫ আগস্টের পটপরিবর্তনের পর মুক্তিযোদ্ধাদের মধ্যেই বিভক্তি তৈরি হয়েছে। দিবসটি পালনে আমি নিজে দুই গ্রুপের মধ্যে সমন্বয়ের চেষ্টা করেছিলাম, কিন্তু সাড়া পাইনি। তাই এবারও দিনটি পালিত হলো না। কোনো অনুষ্ঠান নেই, শ্রদ্ধাও নেই, এটা খুব কষ্টের।
স্থানীয় কয়েকজন সুধীজন বলেন, পরপর দুই বছর দিবসটি পালিত না হওয়া উদ্বেগজনক। তাঁদের মতে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে দিবসটি অবহেলিত থাকায় বিএনপি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা মনে করেন, মুক্তিযুদ্ধের এমন গৌরবোজ্জ্বল অধ্যায়কে যথাযথ মর্যাদায় স্মরণ করা না হলে নতুন প্রজন্ম ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাঁরা আগামী বছর থেকে সরকারি উদ্যোগে দিবসটি নিয়মিত পালনের দাবি জানান।

মন্তব্য করুন