
শ্যামনগর প্রতিনিধি: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর লবণের থাবায় উপকূলে কৃষি চাষাবাদ যখন টিকে থাকার লড়াইয়ে, তখন কৃষকদের পাশে দাঁড়াতে সাতক্ষীরার কালিগঞ্জে হাতে-কলমে শেখানো হলো লবণসহনশীল ও উচ্চ ফলনশীল জাতের ফসল চাষ। প্রায় ৯০ জন স্থানীয় কৃষক এতে অংশ নেন।
সোমবার (২৩ নভেম্বর) কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামে লিডার্স গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) অর্থায়নে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল’ (কল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
মাঠ দিবসে লবণসহনশীল মিষ্টিকুমড়া সুইটিএফ-১ ও মায়াএফ-১, বিরিধান-১০৩, বিনা-২৩ ও বিরিধান-১১২ এবং তরমুজের জাত নিয়ে আলোচনা করা হয়।
কৃষকদের জানানো হয় এসব জাতের বৈশিষ্ট্য, ফসল উৎপাদনের প্রক্রিয়া, ফলনের পরিমাণ এবং দেশি জাতের সঙ্গে পার্থক্য।
আয়োজকেরা জানান, অংশগ্রহণকারী কৃষকেরা লবণসহনশীল জাতগুলোর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তাঁরা নিজেরাও এসব জাত ও পদ্ধতি চাষাবাদে অনুশীলনের প্রতিশ্রুতি দিয়েছেন।
আয়োজকদের ভাষ্য, কালিগঞ্জ ও শ্যামনগরসহ উপকূলীয় অঞ্চলের কৃষি জলাবদ্ধতা, খরা, অনিয়মিত বৃষ্টিপাত, লবণাক্ততার অনুপ্রবেশ এবং সেচের জন্য মিঠা পানির সীমিত প্রাপ্যতার মতো নানা সমস্যায় জর্জরিত। অধিকাংশ মানুষের জীবিকা কৃষিনির্ভর হওয়ায় এসব চ্যালেঞ্জ কৃষকেরা একা সামাল দিতে পারছেন না। এ অবস্থায় খাদ্য নিরাপত্তা উন্নত করা, জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ানো ও জীবিকা টিকিয়ে রাখতে গত মৌসুমে ৩৮৬ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল শাকসবজি, নেপিয়ার ঘাস ও কমলাসুন্দরী মিষ্টি আলু চাষ এবং ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী করা হয়। ধানেরও প্রদর্শনী হয়। আয়োজকদের দাবি, এসব উদ্যোগে ব্যাপক ফলন মিলেছে এবং কৃষকদের মধ্যে সাড়া পড়েছে। সেই সাফল্য আরও বেশি কৃষকের মধ্যে ছড়িয়ে দিতেই এবারের মাঠ দিবস।
অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার মল্লিক। প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য (সংরক্ষিত) মোছাঃ মেহেরুন্নেসা। এ ছাড়া উপস্থিত ছিলেন লিডার্সের কল প্রকল্পের সমন্বয়কারী মৃণাল কুমার সরকার, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন