
আলী আজীম, মোংলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারে নীল জলরাশি আর হাজারো পুণ্যার্থীর পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এবারের রাস উৎসবে প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশ নেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সূর্যোদয়ের আগে থেকেই সাগরের তীরে সমবেত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবারের রাস উৎসবের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা। স্নানের মাধ্যমে হাজার হাজার পুণ্যার্থী তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন।
এর আগে রোববার (২২ নভেম্বর) দুবলার চরের আলোরকোলের অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপন ও সোমবার (২৩ নভেম্বর) রাতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী এই রাস উৎসব শুরু হয়।
মঙ্গলবার পুণ্যস্নানের আগে ভক্তকুল মন্দিরে মানত পরিশোধ করেন ও পাপমুক্ত হওয়ার জন্য স্নানকার্যাদি সম্পন্ন করেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাস পূর্ণিমার এই পুণ্যস্নানের মাধ্যমে পাপমোচন ও পূণ্যলাভ হয়। তাই প্রতিবছর এই উৎসবকে ঘিরে সুন্দরবনের দুবলার চরে ছুটে আসেন হাজারো ভক্ত ও দর্শনার্থী।
তিন দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনের নির্জন চরাঞ্চল পরিণত হয় মিলনমেলায়। পূজা-অর্চনা, ভক্তিমূলক আয়োজন ও পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এছাড়াও তিন দিনব্যাপী এই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুণ্যার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সুন্দরবনে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। উৎসবে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এ বছর রাস পূজায় প্রায় ১০ হাজার তীর্থযাত্রী অংশ নেন। আজ মঙ্গলবার সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই উৎসবের।
তিনি আরও বলেন, খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি।

মন্তব্য করুন