
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির সিলেমানপুর গ্রামের হতদরিদ্র ভ্যানচালক আতিয়ার হোসেন (৪২) আয়ের একমাত্র উৎস ইঞ্জিনচালিত ভ্যানটি হারিয়ে স্ত্রী-সন্তানসহ মানবেতর জীবনযাপন করছেন।
জানা গেছে, আতিয়ারের জীবিকার একমাত্র সম্বল ইঞ্জিনভ্যানটি সম্প্রতি চুরি হয়ে যায়।
আতিয়ার বলেন, গত ১৩ জুন সকালে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হই। দুপুর ১২টা পর্যন্ত ৩০০ টাকা আয় করি। জুমার নামাজের সময় হলে আগড়ঘাটা বাজার জামে মসজিদের পাশে ভ্যানটি তালা দিয়ে নামাজে যাই। নামাজ শেষে ফিরে এসে দেখি, ভ্যানটি আর নেই। অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটি আর পায়নি।
আতিয়ার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভিটাবাড়ি ছাড়া আমার আর কোনো সম্পদ নেই। নতুন একটি ভ্যান কেনার সামর্থ্যও নেই। কাজ করতে না পারায় খেয়ে না খেয়ে কোনোরকমে বেঁচে আছি।
আতিয়ারের স্ত্রী জলি বেগম চোখের জল মুছতে মুছতে বলেন, আমাদের সংসার শুধু ওই ভ্যানের উপর নির্ভরশীল ছিল। এখন ভ্যান না থাকায় ছোট ছোট ছেলে-মেয়েদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খেতে হচ্ছে।
এলাকাবাসী জানান, ভ্যানটি হারিয়ে যাওয়ার পর থেকে আতিয়ারের পুরো পরিবার বিপাকে পড়েছে। আমরা ব্যক্তিগতভাবে তাকে যতটুকু পেরেছি সাহায্য করেছি। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, তারা যেন আতিয়ারের পাশে দাঁড়িয়ে একটি ভ্যান কিনে দেওয়ার ব্যবস্থা করেন।
মন্তব্য করুন