

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী দখলের মহোৎসব চলছে। বালুসহ ইটের ব্যবসা করতেই এমন উৎসবে মেতেছে স্থানীয় প্রভাবশালীরা। বড় বড় গাছের বল্লী পুঁতে ও পাকা পিলার নির্মাণ করে তারা চরসহ নদীর মধ্যে গড়ে তুলছে ইট ও বালুর গাদা। এর আগে রাতের আধাঁরে কেটে সাবাড় করা হচ্ছে নদীর চরে জন্মানো গাছ-গাছালি। পরে সেখানে নিম্নমানের ইট, বালু আর বালুভর্তি জিও ব্যাগ ফেলে দখলে নেয়া হচ্ছে নদীর তীরবর্তী অংশ।
তবে কেবলমাত্র ইট ও বালুর ব্যবসা না। তার ৯০০ ফুট দূরে অবস্থিত নওয়াবেঁকী বাজারে করাতকল স্থাপনসহ আটল-পাটা সংরক্ষণের ঘর নির্মাণ আর মাছের আড়ৎ সম্প্রসারণের নামেও দখল হচ্ছে সুন্দরবন সংলগ্ন গুরুত্বপূর্ণ এই নদী। বছরের পর বছর এমন অবস্থা চললেও দখলবাঁজদের কোনভাবে আটকানো যাচ্ছে না। বরং দখলকাণ্ডে জড়িতদের অনুসরণ করে স্থানীয় আরও অনেকে পানিপথে গোটা দেশের সাথে যোগাযোগ রক্ষাকারী এ নদী গিলে ফেলার প্রতিযোগিতায় নেমেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার আটুলিয়া ইউপির বড়কুপোট ও পদ্মপুকুর ইউপির কামালকাটীর মধ্যভাগ দিয়ে প্রবাহিত খেলপেটুয়া নদী তীরে জামান ব্রিকসের পাশে বিশালায়তনের জায়গাজুড়ে একাধিক বালুর গাদা গড়ে তোলা হয়েছে। জামান ব্রিকস ও মুজিবর এন্টারপ্রাইজ নামীয় দুটি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা বালু সেখানে স্তুপাকারে জমিয়ে শ্যামনগরসহ আশপাশের এলাকাসমূহে সরবরাহ করছে। তবে জায়গা সংকুলান না হওয়ায় এসব ব্যবসায়ী চরসহ পার্শ্ববর্তী খোলপেুটয়া নদীর প্রায় ৩০০ ফুট পর্যন্ত জায়গা ভরাট করে দখলে নিয়েছে।
আরও দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বালু ভর্তি কার্গোসহ নৌযানসমূহ নোঙর করার সুবিধার্থে তার নদীর মধ্যে বিশালাকৃতির গাছ বল্লী হিসেবে পুঁতে ঘাট তৈরি করেছে। কোন কোন অংশে আবার পাকা পিলার নির্মাণ করে দু’পাশে নিম্নমানের ইট/বালু ফেলে সরঞ্জামাদি সংরক্ষণের উপযোগী বিস্তর জায়গাও তৈরি করেছে তারা।
স্থানীয়রা জানায়, চর ও নদী দখলকাণ্ড জড়িতরা খুবই প্রভাবশালী। ইতোপূর্বে তারা আওয়ামী লীগ নেতাদের আশীর্বাদ নিয়ে ব্যবসা পরিচালনা করতো। পরিবর্তিত পরিস্থিতিতে সুবিধাজনক অবস্থানে থাকা রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের আনুকূল্য পাচ্ছে এসব ব্যবসায়ী। আর প্রভাবশালীদের দখল প্রতিযোগিতার কারণে এ অঞ্চলের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ এ নদী সংকুচিত হয়ে প্রশস্থতা হারাচ্ছে বলেও দাবি এলাকাবাসীর।
পার্শ্ববর্তী বিড়ালাক্ষী গ্রামের আব্দুল্লা আল মামুন ভাষ্য, শুরুতে চর দখল করলেও এখন তারা নদীর মধ্যে ঢুকে পড়েছে। শুধুমাত্র ব্যবসার জন্য তারা দিনের পর দিন ধরে বড় বড় গাছের বল্লী পুঁতে ও ইট বালু ফেলে চরসহ নদী দখল করছে। এসব ইট বালু ব্যবসায়ীদের অনুসরণ করে আরও অনেকে নওয়াবেঁকী বাজার সংলগ্ন চর ও নদী দখলের মহোৎসবে মেতেছে।
বড়কুপোট গ্রামের সালাউদ্দিন জানান, একাধারে ইট/বালু ফেলে নদী দখলের কারণে স্রোতের গতিপথ পরিবর্তন হচ্ছে। তাতে খোলপেটুয়া নদীর বিপরীত পাড়ে ভাঙনের সৃষ্টিসহ কোন কোন অংশে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করছে। মাঝেমধ্যে প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও দখলকাণ্ডে জড়িতদের কোনভাবে আটকানো যাচ্ছে না বলেও দাবি।
নদী দখলের বিষয়ে জামান ব্রিকসের ম্যানেজার মামুন হোসেন বলেন, পকেটের পয়সা খরচ করে আমরা নদী বাধিয়ে দিচ্ছি, তাতে ক্ষতির কি আছে। স্রোতের গতিপথ পরিবর্তনসহ নদী সংকুচিত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আগে থেকে আরও অনেকে দখল করেছে। বর্তমানে করাতকল, মাছের আড়ৎসহ আটল পাটার ঘর তৈরির নামেও দখল অব্যাহত আছে। এসময় অন্যরা আইন ভঙ্গ করলে আমরাও করছি বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মুজিবর এন্টাপ্রাইজের প্রতিনিধি অরবিন্দ মন্ডল জানান, মালামাল উঠানোর জন্য নদীর কিনারার কিছু অংশ ভরাট করা হচ্ছে। আমরা মহাজনের আজ্ঞাবহ- উল্লেখ করে তিনি আরও বলেন দু’চারটা গাছ থাকলেও ভরাট করার স্বার্থে সেগুলো কাটা পড়েছে।
স্থানীয় আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, বার বার বলা সত্ত্বেও কোনভাবে এসব দখলবাঁজকে নিবৃত করা যাচ্ছে না। ইতোমধ্যে তারা নদীর অনেকখানি ভিতরে ঢুকে গেছে- উল্লেখ করে তিনি বলেন, নদী রক্ষার স্বার্থে এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সরদার ইমরান হোসেন জানান, বিষয়টি জেলা প্রশাসনের আওতাভুক্ত।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, যতদূর জানা গেছে অনেক আগে থেকে এসব দখল প্রক্রিয়া চলছিল। ইতোপূর্বে যেসব স্থানে নদী দখল হয়ে গেছে সেগুলো উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। তবে এখন থেকে কেউ কোন ধরনের নদী দখলের অপচেষ্টা করতেই পারবে না। তিনি আরও বলেন, আমি যে কয়দিন আছি তারমধ্যে সরকারি সম্পদ আহরণ কিংবা পরিবেশ বিনষ্টকারী কোন কর্মকাণ্ড চলতে দিব না।
মন্তব্য করুন