
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে একটি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
আশাশুনি উপজেলাবাসীর পক্ষে সাবেক সংসদ সদস্য এএম রিয়াছাত আলী বিশ্বাসের ছেলে নু. আ. ম. মুরতাজা আলীসহ একাধিক সংক্ষুব্ধ ব্যক্তি স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ স্বাধীনের পর হতে ২০০৮ সালের আগ পর্যন্ত সাতক্ষীরায় ৫টি সংসদীয় আসন ছিল। এর মধ্যে আশাশুনি উপজেলা নিয়ে সাতক্ষীরা-৩ ও শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-৫ আসন ছিল। ২০০৮ সালে জামায়াত ও বিএনপির বেজ এলাকা হিসেবে বাছাই করে শুধু ভোটার সংখ্যার বিবেচনায় বেশ কিছু সংসদীয় এলাকায় আসন কমিয়ে ঢাকাসহ আরো কিছু জায়গায় আসন বৃদ্ধি করা হয়। তখন সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৫ আসন ভেঙে দিয়ে নতুনভাবে সীমানা নির্ধারণ করা হয় এবং সাতক্ষীরা জেলায় একটি আসন কমানো হয়।
কিন্তু এবার আশাশুনি ও শ্যামনগরকে ১টি সংসদীয় (সাতক্ষীরা-৪) আসনের প্রস্তাবনার খসড়া বিষয়টির সমাধান না করে আরো জটিল করেছে। কারণ ভৌগলিক দিক থেকে আশাশুনি ও শ্যামনগর উপজেলা অনেক বিস্তৃত ও নদী বহুল অঞ্চল। আশাশুনি নদী দিয়ে চার খণ্ডে বিভক্ত, শ্যামনগর তিন খণ্ডে বিভক্ত এবং আশাশুনির সাথে শ্যামনগরের সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। শ্যামনগর উপজেলা বাংলাদেশের সর্ব বৃহত্তম উপজেলা, আশাশুনিও তার পাশাপাশি বড় একটি উপজেলা। ২টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা অন্যান্য উপজেলার তুলনায় অনেক দুর্গম ও খারাপ।
প্রতি বছর আশাশুনির বেতনা, মরিচ্চাপ, গলঘেষিয়া, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর ২০টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। একইভাবে শ্যামনগর উপজেলায় বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, যা একজন সংসদ সদস্যের পক্ষে তদারকি করা দুরূহ।
এছাড়া এ বিশাল এলাকার ১০ লক্ষাধিক জনগোষ্ঠী নিয়ে নির্বাচনী ক্যাম্পিং করা একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়। ফলে উন্নয়ন, নদী ভাঙ্গনসহ দুর্যোগ ব্যবস্থাপনার কার্যকর তদারকি করা কঠিন হয়ে পড়বে। তাই ভোটার সংখ্যা বিবেচনায় না নিয়ে ভৌগলিক অবস্থান, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও উপকূলীয় এলাকা হিসাবে আশাশুনি উপজেলা ও শ্যামনগর উপজেলাকে দুটি সংসদীয় আসন হিসেবে ফিরিয়ে আনা জরুরী।
মন্তব্য করুন