

কয়রা (খুলনা) প্রতিনিধি: ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে খুলনার কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে গাছের চারা বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সিএনআরএসের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে উপকূলীয় অঞ্চলে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও নদীভাঙনের কারণে কয়রাসহ উপকূলের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে।
ইউপি সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিশাত ইসলাম । বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শুভ বিশ্বাস ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন।
বক্তব্য রাখেন সিএনআরএসের উপজেলা ম্যানেজার মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য আবু হাসান, সিএনআরএসের তুহিন হোসেন, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, স্থানীয় সমাজসেবক আব্দুল্যাহ, সাহেব আলী, মোস্তফা, সুমিত্রা মন্ডল, শিক্ষার্থী তানজুম হোসেন, রত্মা মুন্ডা, সীতারানী মন্ডল প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন