

মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ,গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ।
দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্যের শেষ নেই।
নির্বাচন ঘিরে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা নানা কর্মসূচি হাতে নিয়েছে। ক্যাম্পাসজুড়ে চলছে প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ, পোস্টারিং ও ব্যানার টানানোর কাজ।
নিজেদের পরিচিতি তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কোথাও চলছে পথসভা, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া প্রতিযোগিতা। পুরো ক্যাম্পাস যেন উৎসবে মেতে উঠেছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, গণতান্ত্রিক চর্চার অন্যতম ক্ষেত্র হলো ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘ বিরতির পর নির্বাচন আয়োজনে তারা আশাবাদী। তারা বলছেন, এ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব উঠে আসবে।
এদিকে বিভিন্ন ক্লাব ও সংগঠনও নির্বাচনী প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করেছে। সাংস্কৃতিক প্রদর্শনী, খেলাধুলা এবং আড্ডা-মিলনমেলায় ক্যাম্পাস যেন একাকার।
সব মিলিয়ে গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, বরং এটি শিক্ষার্থীদের মিলনমেলা ও গণতান্ত্রিক চর্চার এক প্রাণবন্ত উৎসব হিসেবে রূপ নিয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেবেন ৪৪৬২ জন শিক্ষার্থী।
মন্তব্য করুন