
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের পাওখালি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পিরোজপুর বাইপাস সড়কের মাঝখানে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকেরা। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শংকা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, জনগুরুত্বপূর্ণ এ সড়কে কালভার্টটি ভেঙে পড়ায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। এজন্য ভাঙনস্থানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নারকেলপাতা দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। তবে এটি দুর্ঘটনা এড়ানোর জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে রাতে বা কম আলোতে চলাচলের সময় চালকেরা ভাঙা অংশটি দেখতে না পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, দ্রুত কালভার্টটি সংস্কার করে সড়কে নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।
মন্তব্য করুন