
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন’র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ ও পরে সম্মাননা স্মারক হিসেবে নিজস্ব ছবি সংবলিত আকর্ষণীয় ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা আজ সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, যার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তিনি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তানেরা যাতে প্রযুক্তির সঠিক ব্যবহার করে এবং মাদকের ছোঁয়া থেকে দূরে থাকে, সেদিকে মা-বাবাকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ওয়াহিদা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, শেখ তাজুর রহমান, রবিউল ইসলাম, দীপাসিন্ধু তরফদার, মমতাজ আহমেদ, সুলতানা পারভীন, জান্নাতুল ফেরদৌস এবং মো. হাবিবুল্লাহসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও নবম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেদায়েতুল্লাহ ও ফাতেমা নাসরিনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে ৫ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ২৯ জন, ৮ম শ্রেণীরবৃত্তিপ্রাপ্ত ৫৪ জন এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জনসহ সর্বমোট ১৭৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবম শ্রেণীর দিবাশাখার শিক্ষার্থী তাসফিয়া ও তাবাসসুম ।
মন্তব্য করুন