
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে ৩ শতাধিক হরিণ ধরার ফাঁদসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগের খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির সদস্যরা।
বুধবার (১২ নভেম্বর) সুন্দরবনের ছোট কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে ফুট পেট্রোলিং এর মাধ্যমে এসব হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ করা হয়। তবে, এসময় কোনো হরিণ শিকারীকে আটক করতে পারেনি তারা।
অভিযানে নেতৃত্ব দেওয়া হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ বলেন, সুন্দরবনের ছোট কালির খাল এলাকায় ফুট পেট্রোলিং করার সময় ৩ শতাধিক হরিণ ধরার ফাঁদ ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে। এসময় শিকারীরা বনবিভাগের উপস্থিতি বুঝতে পেরে নৌকা ফেলে পালিয়ে যায়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন