
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: গত ৫ বছরে দু’দফায় মেয়াদ ও বরাদ্দ বাড়িয়েও শেষ করা যাচ্ছে না খুলনার বেতগ্রাম-কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। প্রতিনিয়ত নতুন নতুন সংকটে আটকে যাচ্ছে প্রকল্পের বাঁক সরলীকরণের কাজ। সর্বশেষ বাঁক সরলীকরণ নিয়ে পাইকগাছা উপজেলার কপিলমুনি সদরের ফকিরবাসা মোড় এলাকায় অধিগ্রহণকৃত প্রায় সাড়ে ১১ শতক জমির মালিক ও সওজের মধ্যে সেখানকার নকশা সংক্রান্ত মতপার্থক্য এমনকি অধিগ্রহণের অর্থ পরিশোধ নিয়ে আইনী জটিলতায় আটকে গেছে সেখানকার সরলীকরণের কাজ।
সমস্যা সমাধানে ইতোমধ্যে খুলনা জেলা প্রশাসন ও সওজের তত্ত্বাবধানে কপিলমুনিতে গত ১৫ ডিসেম্বর ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ এলাকাবাসীর উপস্থিতিতে গণশুনানি ও বৃহস্পতিবার জমি মালিকদের সাথে জেলা প্রশাসনের পৃথক সভায়ও নিষ্পত্তি হয়নি সমস্যার।
এদিকে, গণশুনানি ও তৎপূর্ব ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ স্থানীয়দের অভিযোগ, বাঁক সরলীকরণে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রক্ষা করতে বিতর্কিত নকশা করা হয়েছে।
যদিও সড়ক ও জনপদ বিভাগ (সওজ) বলছে, অটোকাড সফটওয়ারের মাধ্যমে এ বাকগুলো সরলীকরণ নক্শা প্রস্তুত করা হয়েছে। এখানে কারোও প্রতি কোন প্রকার পক্ষপাতিতত্বের সুযোগ নেই।
সড়ক ও জনপদ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, খুলনার ৩ উপজেলা ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা এবং সাতক্ষীরার একটি তালা উপজেলার ওপর দিয়ে বেতগ্রাম কয়রা ভায়া তালা-কপিলমুনি ও পাইকগাছার প্রায় ৬০ কিলোমিটার সড়কটি দুই লেনে উন্নীতকরণে মেগা প্রকল্প গ্রহণ করে তৎকালীন সরকার। সড়কের ঝুঁকিপূর্ণ ৩৪টি বাঁক সরলীকরণে জমি অধিগ্রহণের প্রয়োজন পড়ে। ২০২০ সালে শুরু হয় কার্যক্রম। প্রায় ৫ বছরে দু’দফায় প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ বৃদ্ধি করা হয়।
প্রকল্প বাস্তবায়নে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দীর্ঘ সড়কের ৩৪টি বাক সরলীকরণ। ইতোমধ্যে প্রায় সবগুলো বাক সরলীকরণে জমি অধিগ্রহণপূর্বক কাজ শুরু হলেও বাধ সাধে পাইকগাছার কপিলমুনি বাজারের ফকিরবাসা মোড় এলাকা সরলীকরণে। সেখানকার ১১.৩৯০ শতক জমি অধিগ্রহণে অসম দর নির্ধারণ ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে দাবি করে আসছেন চিহ্নিত জমির মালিকরা। ইতোমধ্যে তারা এলাকাবাসীকে সাথে নিয়ে রীতিমত আন্দোলন-সংগ্রামে নেমেছেন।
প্রকল্প বাস্তবায়নে গত ৬ ডিসেম্বর বর্তমান নকশায় উচ্ছেদ অভিযান শুরু করে সওজ। সেখানে মাদ্রাসার একটি একাডেমিক ভবন উচ্ছেদের পর স্থানীয় এক প্রয়াত সাংবাদিক, একজন আইনজীবীর পরিবার, একজন রাজনৈতিক নেতা, একটি সেলুন ঘরসহ একাধিক স্থাপনা উচ্ছেদের অন্তিম মুহূর্তে অধিগ্রহণ ও ক্ষতিপূরণের টাকা বুঝে না দিয়ে কাজ চলমান রাখায় বাধ সাধেন তারা। এরপর গত ১৫ ডিসেম্বর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা প্রদানে একটি গণশুনানির আয়োজন করে খুলনা জেলা প্রশাসকের অধিগ্রহণ শাখা। এলক্ষ্যে গত ১০ ডিসেম্বর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইমরান হাসান স্বাক্ষরিত ৩১.৪৪. ৪৭০০.০১৪.৯৯.১৪৩.২৫-৭১৬ নম্বর স্মারকের একটি পত্র সরবরাহ করা হয় ক্ষতিগ্রস্ত মালিকদের বরাবর। এদিন গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সওজের খুলনা নির্বাহী প্রকৌশলী তানিমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর দাশসহ সওজ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কপিলমুনির স্থানীয় বাসিন্দারা জানান, খুলনা ও সাতক্ষীরা জেলার মধ্যে অন্যতম বৃহৎ ব্যবসায়িক মোকাম কপিলমুনি। সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার সেখানে হাট বসে। বিভিন্ন এলাকার ব্যবসায়ী-কৃষকরা পাইকারি ও খুচরা মালপত্র কেনা-বেঁচা করতে আসেন এ হাটে। গত প্রায় ৪ বছরেরও বেশি সময় ধরে সড়কটির এ অংশের বেহাল অবস্থায় ফেলে রাখায় বাজারে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতারা। এছাড়া কয়রা-খুলনা ভায়া পাইকগাছার একমাত্র সড়ক এটি হওয়ায় প্রতিনিয়ত বাস, ট্রাক, পরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় গাড়িচালকরা জানিয়েছেন, কপিলমুনি বাজারের অদূরে সড়কের এই ঝুঁকিপূর্ণ বাঁকটির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় পড়তে হচ্ছে তাদের। তাছাড়া কাজ অসমাপ্ত রাখায় সড়কের প্রায় দুইশ মিটারজুড়ে অসংখ্য গর্ত বর্ষা মৌসুমে খাদের সৃষ্টি করে। এক পসলা বৃষ্টিতেই তলিয়ে যায় সড়কের এ অংশ।
গণশুনানিতে অংশ নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি এইচ এম শফিকুল ইসলাম বলেন, এখানকার মূল সমস্যা হলো বাঁক সরলীকরণের জন্য অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার অর্থ প্রাপ্তি নিয়ে। আবার অধিকৃত জমির কাগজপত্র নিয়েও রয়েছে অভ্যন্তরীণ জটিলতা। অধিগ্রহণের টাকা পাওয়ার জন্য জেলা প্রশাসন থেকে জমির বৈধ কাগজপত্র উপস্থাপন করতে বলায় সংকট বেড়েছে খানিকটা। এ কারণে অনেকেই চাইছেন না সড়কের এই স্থানে বাঁক সরলীকরণের কাজ এখনই সম্পন্ন হোক।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বাঁক সরলীকরণের ওই স্থানের একপাশে কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অবস্থান। অধিগ্রহণের চিঠি পাওয়ার পর প্রতিষ্ঠানটির অংশের স্থাপনা ভেঙ্গে নির্মাণকাজের সুযোগ করে দেওয়া হয়েছে। ঠিক তার সামনে মরহুম শেখ সামজেদুল ইসলামের দুই ছেলেদের দখলীয় বাড়িসহ স্থাপনা। এছাড়া সড়কের কোল ঘেঁষে বয়ে যাওয়া জমিতে মৃত জীতেন্দ্র নাথ সাহার ওয়ারেশদের মালিকানাধীন দোকানসহ আরোও দু’ব্যক্তির আরও দুটি স্থাপনা রয়েছে। অধিগ্রহণের চিঠি পাওয়ার পরও স্থাপনাগুলি ভাঙ্গা হয়নি। আর এসব স্থাপনাগুলি ভাঙ্গা-গড়া নিয়েই যত বিপত্তি।
তাদর দাবি, নকশা পরিবর্তন করে সড়কের বিপরীত পাশের স্থাপনা উচ্ছেদ হলেই বাঁক সরলীকরণ সহজ হবে। তা না হলে আরেকটি বাঁকের সৃষ্টি হয়ে যাতায়াতের পাশাপাশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে মাদ্রাসার নব নির্মিতব্য আইসিটি ভবনটি।
কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা জামিরুল ইসলাম বলেন, কয়রা-বেতগ্রাম সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁক এটি। দুর্ঘটনা এড়াতে এই বাঁকটি সোজা করা জরুরি মনে করে অধিগ্রহণের চিঠি পাওয়ার পর পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা অংশের স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য স্থাপনাগুলি সরানোর বিষয়টি নিতান্তই তাদের।
প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হুমায়ুন কবির খোকন বলেন, প্রকল্পের সমগ্র কাজের মধ্যে মাত্র ২শ মিটারের এ বাঁকটি সরলীকরণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। কাজ বন্ধ রাখায় গোটা প্রকল্পে এর প্রভাব পড়ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) দীপঙ্কর দাশ বলেন, সড়কের বাঁক সরলীকরণের জন্য ওই স্থানে প্রায় ১২ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। যার প্রায় ৪ শতাংশ জমি সরকারি পেরিফেরিভুক্ত হওয়ায় তার দখলীয় মালিক পক্ষের সাথে ক্ষতিপূরণ দাবি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, প্রকল্পের আওতায় ৩৪টি ঝুঁকিপূর্ণ বাঁকের মধ্যে মাত্র ১টি বাকের সরলীকরণে প্রতি মুহুর্তে নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অন্যগুলোর সরলীকরণে কোন ঝামেলা না থাকায় এ সব এলাকায় কাজ চলমান রয়েছে। তবে সর্বশেষ বাঁক সরলীকরণেও চেষ্টা চলছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন