
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে চোরা শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকা পড়া একটি চিত্রা হরিণ জীবিত উদ্ধার করেছে বন বিভাগ। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে বনের অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির সদস্যরা ফুট পেট্রোলিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় গহীন বনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা থাকা একটি চিত্রা হরিণ দেখতে পান তারা। তাৎক্ষণিক হরিণটি ফাঁদ হতে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার বনেই অবমুক্ত করা হয়েছে।
হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতী ছিল।
তিনি আরও জানান, এই অভিযানে ২৭টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, বনের জীব বৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন