ডেস্ক রিপোর্ট: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহা-পরিদর্শক মোঃ শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহা পরিদর্শক সানতাজ বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাছুম বিল্লাহ শাহিন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সভায় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় শ্রমজীবী মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।
এর আগে জেলা শ্রমিক দল, জেলা টাইলস নির্মাণ শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, হোটেল শ্রমিক কর্মচারী সমিতি, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, রং শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে শোভাযাত্রা বের করে।
মন্তব্য করুন