বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ মে ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা ও বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: অতিরিক্ত কাজের বিপরীতে অধিকাল ভাতা (ওভারটাইম) চালুর দাবিতে সাতক্ষীরার ভোমরা ও যশোরের বেনাপোল স্থলবন্দরে দুই ঘণ্টা কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থল বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (১০ মে) সকালে ভোমরায় অনুষ্ঠিত মানববন্ধনে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থলবন্দরে কর্মরত কর্মচারীরা নিয়মিত অফিস সময়ের অতিরিক্ত দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকাল ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পূর্ববর্তী বিভিন্ন অফিস আদেশ, বোর্ড সভার সিদ্ধান্ত এবং শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত সময় কাজের বিপরীতে ভাতা প্রদানের বিধান বিদ্যমান রয়েছে।

তারা উল্লেখ করেন, ২০০৫ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রাফিক পরিদর্শক ও ওয়্যারহাউজ সুপারগণকে প্রচলিত বিধি মোতাবেক অধিকাল ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পরবর্তীতে ২০১২ সালের ৫ আগস্ট জারি করা এক অফিস আদেশে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত স্থলবন্দরসমূহে কর্মরত কর্মচারীদের সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা এবং মাসে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়, প্রকৃত কাজ ও দায়িত্ব পালনের ভিত্তিতেই এ ভাতা প্রদান করতে হবে।

বক্তারা আরও বলেন, স্থলবন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা সচল রাখতে কর্মচারীদের প্রায়ই অফিস সময়ের বাইরে দায়িত্ব পালন করতে হয়। বিশেষ করে আমদানি-রপ্তানি কার্যক্রম, ট্রাফিক নিয়ন্ত্রণ, কম্পিউটার অপারেশন, গুদাম ব্যবস্থাপনা ও পণ্য ছাড় কার্যক্রমে নিয়োজিত কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ ছাড়া বন্দর পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অথচ বাস্তবে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্মচারীরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশ শ্রম আইন ও গেজেটের বিভিন্ন ধারা তুলে ধরে বলেন, শ্রম আইনে দৈনিক ৮ ঘণ্টা কাজের বিধান থাকলেও অধিকাল ভাতা প্রদান সাপেক্ষে ১০ ঘণ্টা পর্যন্ত কাজ করানো যেতে পারে। একইসাথে অতিরিক্ত সময় কাজের ক্ষেত্রে শ্রমিকের সম্মতি, নির্ধারিত বিশ্রাম ও আর্থিক সুবিধা নিশ্চিত করারও বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে স্থলবন্দর কর্মচারীদের ক্ষেত্রে এসব বিধান পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে না।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীদের মধ্যে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফিদা হাসান, মোঃ আসাদুজ্জামান, মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়া, মোঃ মানিকুর রহমান, মোঃ নাজমুল আহসান, মোঃ সোহেল সোনার (ট্রাফিক পরিদর্শক) এবং মোঃ গোলাম মোস্তফা (কম্পিউটার অপারেটর) প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের এ যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে যশোরের বেনাপোল স্থলবন্দরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (১০ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

একইসঙ্গে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনের প্রভাবে দেশের বৃহত্তম স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে ধীরগতি দেখা দেয় এবং বন্দরজুড়ে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়।

বিকেল ৫টার দিকে শুরু হওয়া মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বেনাপোল স্থলবন্দরে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বন্দরে প্রবেশ ও পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হয়। টার্মিনাল এলাকায় একের পর এক পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা যায়। ফলে ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার পাশাপাশি পাসপোর্ট যাত্রী চলাচলেও ভোগান্তির সৃষ্টি হয়।

আন্দোলনরত কর্মচারীরা জানান, হঠাৎ বিনা মেঘে বজ্রাঘাতের মতো অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে ২০২৫ সালের ২৩ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বন্দরের কর্মচারীদের অধিকাল ভাতা (ওভারটাইম) বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তারা কোনো ধরনের অধিকাল ভাতা পাচ্ছেন না।

আন্দোলনরত কর্মচারী নাহিদ বলেন, বেনাপোল বন্দরের কার্যক্রম শুধু নির্ধারিত অফিস সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। অনেক সময় সরকারি ছুটি ও ঈদের দিনেও কাজ করতে হয়। অথচ অতিরিক্ত শ্রমের ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি।

বিক্ষোভ সমাবেশে বন্দর কর্মচারী শাহাদৎ বলেন, অধিকাল ভাতা বন্ধ থাকায় কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে পরিবার পরিজন নিয়ে চলা খুবই কস্টসাধ্য হয়ে যাচ্ছে। বিষয়টি সমাধানে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত অধিকাল ভাতা পুনর্বহাল ও বকেয়া ভাতা পরিশোধ করতে হবে।

বেনাপোল স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান মিয়া বলেন, দাবি আদায় না হলে ১১ মে আবারও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এমনকি আগামী রবিবার থেকে লাগাতার অফিস সময়ের বাইরে দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, একই দাবিতে দেশের অন্যান্য স্থলবন্দরেও একযোগে আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। অধিকাল ভাতা বন্ধ থাকায় কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বেনাপোল বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহন, খালাস কার্যক্রম এবং আন্তর্জাতিক যাত্রী চলাচলে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!