দেবহাটা প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার সকালে ‘আমাদেরটিম একটি মানবিক পরিবার’ এর আয়োজনে এবং ‘আমাদের যুব টিম’ এর বাস্তবায়নে উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এই কর্মসূচি পালিত হয়।
এসময় পর্যটন কেন্দ্রে আগত দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফুলের চারা বিতরণ করা হয়। চারা হাতে পেয়ে দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
চারা বিতরণের পাশাপাশি রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
সংগঠনের সদস্যরা পর্যটন কেন্দ্রের চারিপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষতিকর প্লাস্টিক বোতল, পলিথিন ও অন্যান্য অপচনশীল বর্জ্য কুড়িয়ে তা নির্দিষ্ট স্থানে অপসারণ করেন। এর মাধ্যমে পর্যটকদের মাঝে পরিবেশ সচেতনতার এক দারুণ বার্তা পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
মন্তব্য করুন