
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা এবার ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও ওপেনার পারভেজ হোসেন ইমনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, মুস্তাফিজকে ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এক মাসের জন্য এনওসি দিয়েছে বিসিবি। ফলে ২১ জুলাই শুরু হয়ে ১৬ আগস্ট শেষ হওয়া দ্য হান্ড্রেড-এর পুরো আসরেই খেলতে পারবেন তিনি।
এই সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো সাদা বলের সিরিজ না থাকায় পুরো টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি পেসার।
প্লেয়ার্স ড্রাফটে এক লাখ পাউন্ড ভিত্তিমূল্যে মোস্তাফিজকে দলে নেয় বার্মিংহাম ফিনিক্স।
এর মাধ্যমে দ্য হান্ড্রেডে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হতে যাচ্ছেন বাঁহাতি এই পেসার।
এদিকে পারভেজ হোসেন ইমনও পেয়েছেন বিসিবির এনওসি।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলতে যাবেন তিনি। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন এই তরুণ ওপেনার।
মন্তব্য করুন