
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর। পুরোপুরি সুস্থ না হলেও অভিজ্ঞ ফরোয়ার্ড রাফিনিয়াকে দলে পাওয়ার সম্ভাবনা দেখছেন কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানিয়েছেন, প্রয়োজন হলে রাফিনিয়াকে কিছু সময়ের জন্য মাঠে নামানো হতে পারে। যদিও বার্সেলোনা তারকা এখনও শতভাগ ফিট নন, তবু তার শারীরিক অবস্থার উন্নতিতে সন্তুষ্ট কোচিং স্টাফ।
আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়া খুব ভালোভাবে সেরে উঠছে। যদিও সে এখনো শতভাগ ফিট নয়, তবু বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজনে কয়েক মিনিট খেলতে পারবে এবং নির্দিষ্ট কিছু সময়ে দলের কাজে লাগতে পারে। ও খুব দ্রুত সেরে উঠছে। এটা আমাদের জন্য সুখবর, কারণ রাফিনিয়া দলের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে চোটে পড়েন রাফিনিয়া। ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেওয়ায় প্রথমার্ধের ৩৮ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচেও খেলতে পারেননি তিনি।
তবে নরওয়ে ম্যাচের আগে আশার আলো দেখাচ্ছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। শনিবার দলের অনুশীলনে পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি সতীর্থদের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন তিনি। তাতে নরওয়ের বিপক্ষে বেঞ্চে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়েছে।
আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে রাফিনিয়ার ফেরার সম্ভাবনা তাই ব্রাজিলের জন্য বাড়তি শক্তি হিসেবেই দেখছেন আনচেলত্তি। পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকলেও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অভিজ্ঞতা ও আক্রমণভাগে প্রভাব দলের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে।
মন্তব্য করুন