
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় ৫৫০ রোগী।
বৃহস্পতিবার উপজেলার কে জি এইচ এফ ইউনাইটেড মৌখালী হাইস্কুলে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্প পরিচালিত হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষ ক্যাম্পে এসে চোখ পরীক্ষা করান।
ক্যাম্পে চিকিৎসকেরা রোগীদের চোখের বিভিন্ন সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেন। এছাড়া ছানি রোগীদের অপারেশনের প্রয়োজনীয়তা, প্রক্রিয়া ও পরবর্তী চিকিৎসা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
ক্যাম্পের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুল মজিদ।
পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল।
এ সময় বক্তব্য দেন হাবিবুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ সরদার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, আমিনুর রহমান সরদার ও রুহিন সরদার।
মন্তব্য করুন