
স্পোর্টস ডেস্ক: তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করলেন। সেঞ্চুরি মিস করলেন নাজমুল হোসেন শান্ত। এরপরই হঠাৎ ধস নেমেছে বাংলাদেশের ইনিংসে। ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা।
৩ উইকেটে ছিল ২৯৭ রান, এক ঝটকায় সেটা ৬ উইকেটে ৩০৮ রান হয়ে গেছে। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ আর হাসান মাহমুদ।
এর আগে ডারউইন টেস্টে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে দেন।
দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার।
তবে ভুল করেননি তামিম। মুমিনুল হককে নিয়ে ১০৩ রানের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের আরেকটি বড় জুটি গড়েন দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি তানজিদ তামিম। বড় শট খেলতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ১৯৭ বলে তার ১০১ রানের ইনিংসটিতে ছিল ৮ চার আর ১ ছক্কার মার।
শান্তরও সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানের জশ হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১২৬ বলের ইনিংসে ৭টি চার এবং একটি ছক্কা হাঁকান বাংলাদেশ অধিনায়ক।
শান্ত ফেরার পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস ০ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল স্টার্কের বলে, পরের ওভারে প্যাট কামিন্সের বলে একইভাবে আউট মুশফিকুর রহিম (৩৬)।
মন্তব্য করুন