
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান (২৬) এবং তার সহযোগী অমিত হাসান ওরফে শিপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৪টার দিকে জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সীমান্তবর্তী শুইলপুর গ্রামে অভিযান চালিয়ে শিপনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথভাবে এই অভিযান চালায়।
গ্রেপ্তার নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অমিত হাসান ওরফে শিপন একই এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে। শিপনের গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার শুইলপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে থানা ও ডিবি পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে নাহিদ ও শিপনকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন জাকারিয়া খান। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. শাহারিয়ার খান বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় নাহিদ হাসানকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
এর আগে মামলার এজাহারভুক্ত আসামি মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এবার প্রধান আসামি নাহিদ হাসান ও তার সহযোগী শিপনকে গ্রেপ্তার করা হলো।
মন্তব্য করুন