
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার কুমারখালীর লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং তার বহনকারী গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে হেফাজতে নেয়।
রাত ৮টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি জানা নেই। তিনি কখন, কেন এসেছেন, সেটা জানতাম না। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে আরও পুলিশ যাচ্ছে।’
এদিকে হামলার ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ বলেন, নাসীরুদ্দীনসহ কয়েকজন ব্যক্তিগতভাবে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে যান। বিকেলে শিলাইদহ ঘুরে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে যান তারা। সেখানে গান শুনে বের হওয়ার সময় দুজন নারী নাসীরুদ্দীনের সঙ্গে ছবি তুলতে চান। ওই সময় তাকে লক্ষ্য করে একজন ডিম ছোড়েন।
তিনি বলেন, এর পরপরই আরও ২০ থেকে ২৫ জন যুবক এসে উচ্চস্বরে গালাগালি করতে থাকেন। তাদের একজন নাসীরুদ্দীনকে উদ্দেশ করে বলেন, ‘তুই এখানে কেন আসছিস।’ একপর্যায়ে তারা তাকে মারতে উদ্যত হয়। তাকে রক্ষায় নেতাকর্মীরা ঘিরে ধরেন। হামলাকারীদের কয়েকজনের হাতে লাঠি ছিল। এতে কয়েকজন নেতা আহত হন। দুই থেকে তিন মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটে। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা গাড়িতে ইট ছুড়ে গ্লাস ভেঙে দেওয়া হয়।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইট নিক্ষেপ করার পর তার হাতে লেগেছে। তিনিসহ তিনজন আহত হয়েছেন।
দলটির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, নাসীরুদ্দীনের ওপর হামলা হয়ে থাকলে তা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল মব কালচারের রাজনীতি বিশ্বাস করে না। হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত থাকতে পারে না।
মন্তব্য করুন