
দেবহাটা প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা থানার প্রতিনিধি ইব্রাহিম খলিল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, E-Learning and Earning Ltd.-এর পারুলিয়া শাখার পরিচালক ওমর ফারুক রাজিব, আমাদের টিম মানবিক পরিবারের পরিচালক ও আমাদের যুব টিমের সভাপতি শেখ মনিরুল ইসলাম এবং দরদি সংগঠনের প্রতিনিধি সেলিম হোসেন।
সভাপতির বক্তব্যে আহমেদ তাহমীর সিদ্দিকী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গ্রহণের সুযোগ রয়েছে এবং সেখান থেকে বড় অঙ্কের ঋণও পাওয়া যায়। এসব বিষয়ে বিস্তারিত জানতে যুব উন্নয়ন কার্যালয়ে যোগাযোগের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চিন্তা করতে হবে। নিজের মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ও মানসিকতা তৈরি করতে পারলে কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

মন্তব্য করুন