
শ্যামনগর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ ও ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদাসহ ৮৫জনকে আসামি করে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকার বাসিন্দা এস. এম শাহেদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন। শাহেদ সুলতান শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব এম.এম আশেক এলাহী মুন্নার ভাইপো।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি.এম শোকর আলী ও জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা বাংলা। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের একটি ওষুধের দোকানের সামনে ৬০ থেকে ৭০টি মোটরসাইকেলে করে আসামিরা জড়ো হন। তাঁদের হাতে লাঠি, হকিস্টিক, রামদা, লোহার রড, ককটেল, পেট্রলবোমা ও মশাল ছিল বলে অভিযোগ করা হয়েছে। জড়ো হয়ে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, রাত ১২টার দিকে বাদী ও কয়েকজন সাক্ষী ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় তাঁদের লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর আসামিরা লাঠিসোঁটা দিয়ে বাদীসহ অন্যদের মারধর করেন। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় পেছন থেকে তাঁদের লক্ষ্য করে আরও দুটি ককটেল ছোড়া হয়। এর একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত থাকে। পরে আসামিরা স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে শাহেদ সুলতান নামের একজন বাদী হয়ে মামলা করেছেন। এতে ৮৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার সময় জনতা দুজন আসামিকে আটক করে পুলিশে দেয়। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন