কয়রা (খুলনা) প্রতিনিধি: অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৩ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে প্রায় ২৮ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার ১৫০ মিটার দোন দড়ি ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের ইসমাইল হোসেন (৪৫), আছাদুল গাজী (৪১) ও আঃ রহমান (৩৭)।
কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটলুয়ার ঠোটা এলাকায় টহলরত অবস্থায় দূর থেকে একটা নৌকা দেখতে পেয়ে তাদের কাছে পৌঁছে বনে প্রবেশের অনুমতিপত্র (পাশ) দেখতে চাইলে তারা কোন কিছু দেখাতে না পারায় তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত কাঁকড়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন