
ডেস্ক রিপোর্ট: ব্রিজের দুপাশেই উড়ছে আর্জেন্টিনার পতাকা। রেলিংও সেজেছে সাদা আকাশি রঙে। এ কাণ্ড আর্জেন্টিনার ভক্তদের। দেখলেই মনে হবে এ যেন এক টুকরো আর্জেন্টিনা।
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামের দৃশ্য এটি। স্থানীয় মেসি ভক্তরা আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে তুলেছেন ব্রিজটি। একইভাবে গ্রামের রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে আর্জেন্টিনার পতাকা।
বিশ্বব্যাপী ওয়ার্ল্ডকাপের উন্মাদনায় মেতেছেন ফুটবল প্রেমীরা। যা আমেরিকা থেকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম হরিণখোলাতেও।
খোঁজখবর নিয়ে জানা গেছে, হরিণখোলা গ্রামের বেশির ভাগ মানুষ আর্জেন্টিনার সমর্থক। তারা ফুটবলের জাদুকর মেসিকে ভালোবাসেন। তবে শুধু মেসিকে নয়, গ্রামটিতে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির সমর্থকও।
স্থানীয় ধৃতি মন্ডল বলেন, আমরা আর্জেন্টিনার মেসিকে ভালোবাসি। যখন অনেক ছোট তখন থেকে তার খেলা দেখছি। গত বিশ্বকাপে তার হাতে কাপ উঠেছে। তাই এবারের বিশ্বকাপ স্মরণীয় করে রাখার জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে ব্রিজটি রাঙিয়েছি আর্জেন্টিনার পতাকার রঙে।
গ্রামের বাসিন্দা অরবিন্দু সরকার, বিধান সরকার, রঞ্জন মন্ডল বলেন, এই সময়টা এলে আমরা সবাই উচ্ছ্বাসের সাথে এক জায়গায় বসে খেলা দেখি। এক সাথে আনন্দ করি।
মন্তব্য করুন