

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): উপকূলীয় এলাকায় চলাচলে পাউবোর বেড়িবাঁধই ব্যবহার করেন স্থানীয়রা। আর এই বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলে চরম দুর্ভোগে পড়ছেন খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ।
খানাখন্দ আর ভাঙ্গচোরা বাঁধে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও ।
জানাগেছে, উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৫নং কয়রা গ্রামের নদীরক্ষা বাঁধ (গ্রামীণ সড়ক) বহু বছর ধরে সংস্কার হয়নি। নব্বইয়ের দশকে নির্মিত নদী রক্ষা বাঁধটি ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেসময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এর দীর্ঘদিন পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাস্তাটি সংস্কার করে। ২০১৩ সালের দিকে নাদী ভাঙন ঠেকাতে ৫শ মিটার এলাকায় আরসিসি ব্লক বসানোর উদ্যোগ নেয় পাউবো। এরপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় বৃষ্টি আর জলোচ্ছ্বাসের কারণে বাঁধের ভেতরের অংশের মাটি সরে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঘোগাও (ফুটো) সৃষ্টি হয়েছে একাধিক জায়গায়।
এদিকে, আরসিসি ব্লক বসানোর এক যুগেরও বেশি সময় পার হওয়ায় ব্লকের টেম্পারিং নষ্ট হয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু আজও সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা গেছে, ৪নং লঞ্চঘাটের দক্ষিণ পাশে আরসিসি ব্লক হয়তে স্লুইসগেট অভিমুখী প্রায় ৮শ মিটার বেঁড়িবাধের ভেতরের অংশে কোন মাটি নেই, আরসিসি ব্লকের টেম্পারিং নষ্ট হওয়ায় খানাখন্দ সৃষ্টি হয়েছে।
স্থানীয় রফিকুলের ভাষ্য, রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় হওয়ায় ইউনিয়ন পরিষদও এখানে কাজ করতে চায় না। রাস্তাটি সংস্কার করা হলে স্কুল কলেজের কোমলমতি শিশু ও রোগীরা সহজে যাতায়াত করতে পারবে।
স্থানীয় শাহ-আলম বলেন, দীর্ঘদিন হওয়ায় সিসি ব্লকের আবরণ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে গোলাম সরদারে বাড়ি থেকে স্লুইসগেট পর্যন্ত মাটি দিয়ে সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে বড় জোয়ারে প্লাবিত হতে পারে পুরো এলাকা।
একাধিক এলাকাবাসী জানান, এই রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয়; দুর্যোগের সময় মানুষের নিরাপদ আশ্রয় ও জরুরি যাতায়াতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাত বলেন, পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ হওয়ায় ইউনিয়ন পরিষদ মেরামত কাজ করে না। দ্রুত সড়কটির সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে নদী রক্ষা বেড়িবাঁধের স্থায়িত্ব নিশ্চিত করতে ও যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ বলেন, আগামী বাজাটে ৪নং কয়রা লঞ্চঘাটের দক্ষিণ পাশের স্লুইসগেট অভিমুখী আরসিসি ব্লক বসানো ও বাঁধ সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।
মন্তব্য করুন