
ডেস্ক রিপোর্ট: ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত এলাকা থেকে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে বিজিবির সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কালিগঞ্জের খুরমি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মোঃ বারি (৪২)।
বিজিবির দাবি, আটক দুজন ভারতে পলাতক কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ মন্টু লাল ও নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শিবপুর বেড়িবাঁধের ওপর থেকে শহিদুল ইসলাম এবং ললিতের মোড় থেকে মোঃ বারিকে আটক করা হয়। তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন