
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে গিয়ে কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি যুবক।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন, সুজন ফকির (২৮), আব্দুল মোনাব (৩০), রেদোয়ান (২৫), নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮), শাহজাহান গাজী (৩৫), খাইরুল ইসলাম (২৯), সামাদ মিয়া (২৩), শাহাদত হোসেন (৩৪)। তাদের বাড়ি যশোর, নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, ফেরত আসা যুবকরা কাজের সন্ধানে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয়েছিল। পরে আদালত তাদের দেড় বছরের সাজা দেয়। কারাভোগ শেষে আজ সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন