শ্যামনগর প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি. এম. হাবিবুল্লাহকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। একইসঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে সোমবার (৬ এপ্রিল) এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়ভার দল নেবে না এবং যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতা হাবিবুল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন, তিনি সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে নিজস্ব গ্রুপ তৈরি করে বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিতর্কে জড়ান। এছাড়াও তার বিরুদ্ধে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান ও জায়গা দখলের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে দলীয় ফোরামে একাধিকবার আলোচনা হলেও তার আচরণে পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এ ব্যাপারে জি.এম হাবিবুল্লাহ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি প্রেসবিজ্ঞপ্তিতে তিনি বহিষ্কারের বিষয়টি দেখেছেন। তবে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।
মন্তব্য করুন