
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মিটারের প্রকৃত রিডিংয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অতিরিক্ত বিদ্যুৎ বিল ইস্যু এবং পরবর্তীতে তা সংশোধন করা হলেও অতিরিক্ত পরিশোধিত অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি নোটিশ দেওয়া হয়েছে।
পাইকগাছার সিনিয়র সিভিল জজ আদালতের অ্যাডভোকেট মোঃ নুর ইসলাম মোড়ল উপজেলার হোগলার চক এলাকার বাসিন্দা দিলীপ কুমার মন্ডলের পক্ষে এ নোটিশ দেন।
নোটিশটি খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর পাঠানো হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, দিলীপ কুমার মন্ডল খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিসের একজন নিয়মিত আবাসিক গ্রাহক এবং দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। কিন্তু ২০২৬ সালের এপ্রিল মাসে মিটারের প্রকৃত রিডিংয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও অতিরিক্ত বিল ইস্যু করা হয়। গ্রাহক সরল বিশ্বাসে ওই বিল পরিশোধ করেন।
পরবর্তী মে মাসেও একইভাবে অতিরিক্ত বিল দেওয়া হলে বিষয়টি বুঝতে পেরে গ্রাহক পাইকগাছা জোনাল অফিসে গিয়ে অভিযোগ করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ মে মাসের বিল সংশোধন করে নতুন বিল ইস্যু করে বলে নোটিশে দাবি করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এপ্রিল মাসে ভুলক্রমে পরিশোধিত অতিরিক্ত অর্থ খেসারতসহ ফেরত দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তা ফেরত দেওয়া হয়নি। বরং বারবার অফিসে যোগাযোগ করা সত্ত্বেও ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে সেবার অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতা উল্লেখ করে নোটিশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বিদ্যুৎ-সংক্রান্ত আইনের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আইনি নোটিশে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে এপ্রিল ২০২৬ মাসে ভুলক্রমে আদায় করা অতিরিক্ত অর্থ হিসাবান্তে খেসারতসহ ফেরত দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অন্যথায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং উপযুক্ত দেওয়ানি ও ফৌজদারি আদালতে আইনগত প্রতিকার ও ক্ষতিপূরণ চেয়ে মামলা করার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে এসব আইনি কার্যক্রমের যাবতীয় খরচ ও পরিণতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন