
ডেস্ক রিপোর্ট: সাত দফা দাবিতে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অডিটোরিয়ামে বাংলাদেশ দলিল লেখক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নাসির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ।
সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের ন্যায়সংগত নানা অধিকার ও দাবি উপেক্ষিত হয়ে আসছে। তাই তারা বর্তমান সরকারের কাছে ৭ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করেছেন।
৭ দফা দাবির মধ্যে রয়েছে, আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যূত করা যাবে না। দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তি দলিল লেখা বা মুসাবিদা করতে পারবে না বা দলিল রেজিস্ট্রির জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন কোন লাইসেন্স প্রদান করা যাবে না। সরকারি খরচে রেজিস্ট্রি অফিস কম্পাউন্ডে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে। দলিল লেখার কারণে দলিল লেখকদের আসামি করে কোন মামলা করা যাবে না। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করতে হবে।

মন্তব্য করুন