
বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের অদূরে বেতনা নদীর তীরে দাঁড়িয়ে আছে ৩০০ বছরের ঐতিহ্যবাহী দ্বাদশ শিব ও কালীমন্দির।
অত্যন্ত প্রাচীন এই ধর্মীয় স্থাপনায় পাশাপাশি ১২টি শিবমন্দির ছিল, আর প্রতিটি মন্দিরেই ছিল কষ্টিপাথরের শিবলিঙ্গ।
তবে কালের বিবর্তন, অবহেলা ও যথাযথ সংরক্ষণের অভাবে সেই ঐতিহ্যের অনেক কিছুই আজ হারিয়ে গেছে। বর্তমানে ১২টি মন্দিরের মধ্যে ছয়টি এবং ১২টি শিবলিঙ্গের মধ্যে মাত্র দুটি টিকে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় প্রবীণ শিক্ষক সাধন কুমার দে জানান, বাংলা ১১৪৬ সালে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের জমিদার রাজা রাজবংশী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সে সময় বুধহাটায় তাঁর কাছারি ছিল। জমিদারি খাজনা আদায়ের কাজে তিনি নৌকা বা বজরা নিয়ে বুধহাটায় আসতেন।
মন্দির প্রতিষ্ঠা নিয়ে এলাকায় একটি প্রচলিত কাহিনি রয়েছে। স্থানীয়দের ভাষ্য, একবার খাজনা আদায়ের কাজে এসে জমিদার রাজা রাজবংশী রাতে কাছারিতে ঘুমিয়ে পড়েন। স্বপ্নে দেবীর নির্দেশ পান বুধহাটায় মন্দির প্রতিষ্ঠার। গভীর রাতে ঘুম ভেঙে তিনি নদীতে একটি সাজানো পূজার ঘট ভাসতে দেখেন। দিনটি ছিল চৈত্র মাসের শেষ মঙ্গলবার। পরে ঘটটি তুলে এনে পূজা করেন এবং সেখানে মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
স্থানীয়দের বিশ্বাস, সেই ঘটনার মধ্য দিয়েই দ্বাদশ শিব ও কালীমন্দিরের যাত্রা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরের পূজা-অর্চনা ও পরিচালনার জন্য জমিদার রাজা রাজবংশী ৭৪ একর জমি দান করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে মন্দিরের সেই সম্পত্তির পরিমাণ অনেক কমে গেছে। বর্তমানে মাত্র ২ দশমিক ০৩ একর জমি অবশিষ্ট রয়েছে বলে দাবি স্থানীয়দের। মন্দিরের জমির একটি অংশে গরুর হাট বসে। তবে ওই হাট থেকে মন্দির পরিচালনা কমিটি কোনো আয় পায় না বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, মন্দিরের সম্পত্তির সঠিক হিসাব নির্ধারণ, জমির সীমানা জরিপ এবং বেদখল হয়ে থাকলে তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তাঁদের মতে, মন্দিরের সম্পত্তি যথাযথভাবে সংরক্ষণ করা গেলে নিয়মিত পূজা-পার্বণ ও সংস্কারকাজ পরিচালনা করা সহজ হবে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পরও দীর্ঘদিন এর উল্লেখযোগ্য সংস্কার হয়নি। ১৯৭৬ সালের দিকে নওয়াপাড়ার দিনবন্ধু সরকার এবং মহাজনপুরের কার্তিক দেবনাথ ও রমেশ দেবনাথ ব্যক্তিগত উদ্যোগে মন্দিরটির সংস্কারকাজ শুরু করেন। তবে অর্থের অভাবে তাঁদের সেই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে আত্মচৈতন্য সংঘের প্রতিষ্ঠাতা বিল্বমঙ্গল দেবনাথ এবং নবজাগরণী সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সচ্চিদানন্দ দে সদয়ের উদ্যোগে মন্দিরটি রক্ষা ও সংস্কারের চেষ্টা চালানো হয়। বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ থেকে মন্দিরের বর্তমান অবস্থা তুলে ধরে সহযোগিতা চাওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান পাওয়া যায়।
মন্দিরের পুরোহিত অসীম ব্যানার্জী জানান, এখানে প্রতিদিন নিত্যপূজা, প্রতি সপ্তাহে হরিবাসর এবং চৈত্র মাসজুড়ে শিবপূজা ও জল ঢালার আয়োজন করা হয়। এ ছাড়া প্রতিবছর শিবরাত্রি, জন্মাষ্টমী, নামযজ্ঞ, জগদ্ধাত্রী পূজা ও সরস্বতী পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে এসব কার্যক্রম পরিচালনায় নানা অসুবিধা হয়।
বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব ও ভাগবতীয় আলোচক বিল্বমঙ্গল দেবনাথ বলেন, বুধহাটার দ্বাদশ শিব ও কালীমন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি দীর্ঘদিনের ইতিহাস, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের স্মারক। এমন একটি প্রাচীন মন্দির অবহেলা ও অযত্নে পড়ে থাকা দুঃখজনক। মন্দিরটি রক্ষা ও সংস্কারে সরকার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, স্থানীয় প্রশাসন এবং বিত্তবান ধর্মপ্রাণ মানুষকে এগিয়ে আসতে হবে।
মন্দিরের সভাপতি সচ্চিদানন্দ দে সদয় বলেন, এই মন্দির কয়েক শত বছরের ইতিহাস ও সংস্কৃতির পরিচয় বহন করছে। একসময় এখানে ১২টি মন্দির ও ১২টি শিবলিঙ্গ ছিল। আজ তার অধিকাংশই হারিয়ে গেছে। মন্দিরটির পূর্ণাঙ্গ সংস্কার ও সংরক্ষণে সরকারি পৃষ্ঠপোষকতা এবং বিশেষজ্ঞদের সহযোগিতা প্রয়োজন।
মন্দিরের সাধারণ সম্পাদক অজয় পাইন বলেন, মন্দিরটি সংরক্ষণ করা গেলে এলাকার ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য রক্ষা পাবে। নতুন প্রজন্মও জানতে পারবে তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদের কথা। এ জন্য মন্দিরের জমি জরিপ করে সীমানা নির্ধারণ, বেদখল হয়ে থাকলে তা উদ্ধার এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মন্দিরটিকে সরকারি স্বীকৃতি দিয়ে সংরক্ষণের আওতায় আনা প্রয়োজন।
এদিকে মন্দিরটির উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণে ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে নতুন কিছু কাজ শুরু হয়েছে। মন্দির প্রাঙ্গণে রাধাগোবিন্দ মন্দির নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ভক্তদের রাত্রিযাপনের জন্য আবাসিক ভবন, জগদ্ধাত্রী মন্দির ও গ্রহরাজ মন্দির নির্মাণের পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তাদের লক্ষ্য, মন্দির প্রাঙ্গণকে একটি পূর্ণাঙ্গ ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন বিপুল অর্থ। এ জন্য সরকারি সহায়তার পাশাপাশি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সংশ্লিষ্ট দপ্তর, দেশ-বিদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী, ভক্ত ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা।
সাতক্ষীরা শহর থেকে আশাশুনি সড়ক ধরে প্রায় ১৪ থেকে ১৬ কিলোমিটার পথ পেরিয়ে বুধহাটা বাজারে পৌঁছানো যায়। বাজারের কাছেই বেতনা নদীর তীরে মন্দিরটির অবস্থান। আশাশুনি সদর থেকেও সড়কপথে সেখানে যাওয়া যায়।
বেতনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এ প্রাচীন মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি বুধহাটা এলাকার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সঙ্গে এর অনেক স্থাপনা হারিয়ে গেলেও অবশিষ্ট অংশগুলো এখনো অতীতের স্মৃতি বহন করছে।

মন্তব্য করুন