
শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নজরদারি জোরদার করেছে। এরই অংশ হিসেবে শ্যামনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও তল্লাশি করেছে বিজিবি ১৭ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব এ তথ্য জানান।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা শ্যামনগরের সীমান্তবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে টহল জোরদার করেছেন। দিন-রাত নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, নির্বাচনের আগে ও ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে বিজিবি। বিশেষ করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, চোরাচালান ও নাশকতার আশঙ্কা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিজিবির কড়া নজরদারিতে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, বিজিবির নিয়মিত টহলের কারণে তারা নিরাপদ বোধ করছেন এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে আশা করছেন।


মন্তব্য করুন