
ডেস্ক রিপোর্ট: প্রাণনাশের হুমকি, অনুসরণ এবং নিরাপত্তাহীনতার অভিযোগে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিন জিডির তদন্ত অনুমতির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে পিয়া জান্নাতুল নিজে আদালতে উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, জিডির অভিযোগ তদন্তের অনুমতির বিষয়ে শুনানি শেষে আদালত পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৮ জুলাই রাজধানীর বনানী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন পিয়া জান্নাতুল। জিডিতে তিনি উল্লেখ করেন, এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে হুমকি পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা, অজ্ঞাত নম্বর থেকে ফোনে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জিডিতে আরও বলা হয়, গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কিছু ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে অনুসরণ করছে। এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। এ কারণে তিনি পুলিশি সুরক্ষা কামনা করেন।
এছাড়া জিডিতে পিয়া জান্নাতুল স্পষ্টভাবে উল্লেখ করেন, অতীত বা বর্তমান—কোনো সময়ই তার প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না এবং তার কর্মকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।
মন্তব্য করুন