
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর লস্কার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শুভঙ্কর মন্ডল মোটরসাইকেলে কালিগঞ্জে তার ফুফাতো ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে বংশীপুর লস্কার পেট্রোল পাম্পের দক্ষিণ পাশের অ্যাডভোকেট আজিবার উকিলের বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় লাগে। এসময় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন