বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘উন্নয়নের বিস্ময়’ তকমা হারাতে বসেছে বাংলাদেশ: ইকোনমিস্টের প্রতিবেদন 

অনলাইন ডেস্ক: একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের সাফল্যে বিশ্বজুড়ে আলোচিত বাংলাদেশ এখন বহুমুখী অর্থনৈতিক সংকটে পড়েছে। দীর্ঘদিনের অনিয়ম, ঋণ জালিয়াতি ও আর্থিক খাতের দুর্নীতির প্রভাবে ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

একই সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগে স্থবিরতা এবং শিল্প খাতের উৎপাদন সংকট নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিয়েছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির এমন পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকে জমা রাখা অর্থ ফেরত পেতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন সাধারণ আমানতকারীরা। ঢাকার একটি ক্যাফের মালিক একান্ত গত এক বছর ধরে ব্যাংক থেকে নিজের আমানতের টাকা তুলতে পারছেন না।

একাধিকবার ব্যাংকে গিয়েও সমস্যার সমাধান পাননি তিনি। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিবারই তারল্য সংকটের কথা জানানো হয়েছে। একান্তের মতো একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আরো বহু গ্রাহক। প্রতিবেদনে অন্তত ছয়জন আমানতকারীর অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

ব্যাংক খাতের এই পরিস্থিতির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনামলে সংঘটিত ব্যাপক আর্থিক অনিয়ম ও ঋণ লুটপাটকে দায়ী করা হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব অনিয়মের ব্যাপকতা সামনে আসে। প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ বিতরণ করা হলেও তার বড় অংশই ফেরত আসার সম্ভাবনা ক্ষীণ। বর্তমানে দেশের ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় ৩৩ শতাংশ খেলাপি।

তুলনামূলকভাবে ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। শুধু ঋণ আদায় নয়, মূলধন পরিস্থিতিও উদ্বেগজনক। ব্যাংকগুলোর সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশে। ফলে দেশের একটি বড় অংশের ব্যাংক কার্যত আর্থিকভাবে অকার্যকর হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

স্বাধীনতার পর দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ ও সীমিত রপ্তানি সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ কয়েক দশকে অর্থনৈতিক অগ্রগতির উল্লেখযোগ্য উদাহরণ হয়ে ওঠে। ১৯৭১ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তৈরি পোশাকশিল্পের বিকাশ, রপ্তানি আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং স্বাস্থ্য ও শিক্ষায় অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। প্রায় ১৮ কোটি মানুষের দেশটির এই অগ্রযাত্রা এখন নতুন করে বাধার মুখে। রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার পাশাপাশি আর্থিক খাতের সংকট সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতায় আসে বিএনপি। তবে সরকার গঠনের পর থেকেই ব্যাংক খাতের দুরবস্থা, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপের মুখে রয়েছে দলটি।

এর মধ্যে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তার দেশে ফেরার ঘোষণার পর রাজধানীতে ৫০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে সরকার। রক্তক্ষয়ী দমন-পীড়নের মামলায় অনুপস্থিত অবস্থায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার দেশে ফেরার ঘোষণা বাস্তবায়িত হলে রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং সরকারবিরোধী বিক্ষোভের আশঙ্কা তৈরি হতে পারে।

অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আগের সরকারের আমলে ব্যাংক খাতে সংঘটিত লুটপাটের দায় এখনকার সরকারকে বহন করতে হচ্ছে। তার ভাষায়, ‘বিগত আমলে ব্যাংক লুটপাটের যে ভয়াবহ উত্তরাধিকার আমরা পেয়েছি, এখন সেটিই আমাদের সামাল দিতে হচ্ছে।’ প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। আওয়ামী লীগ সরকারের সময়ে এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দলটির ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল। অন্যদিকে সাধারণ বেসরকারি ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলনামূলকভাবে ভালো।

এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকের পরিস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকটি একসময় জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে রাজনৈতিক বিতর্কে ছিল। পরে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ তুলে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। যদিও সে সময় ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছিল। প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বিতরণ করা হয়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসমক্ষে অনুপস্থিত রয়েছেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পছন্দের ব্যবসায়ীগোষ্ঠীকে সুবিধা দিতেই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সাজানো অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। তবে সাইফুল আলম মাসুদ তার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। ব্যাংক খাতের খেলাপি ঋণের বর্তমান উচ্চ হারকে শুধু নতুন করে তৈরি হওয়া সংকট হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে ঋণ শ্রেণিকরণে শিথিলতা থাকায় প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আড়ালে ছিল। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকের এক নীতিমালায় ঋণের বকেয়া অর্থের মাত্র ২ শতাংশ পরিশোধের বিনিময়ে খেলাপিদের এক বছরের ছাড় এবং অবশিষ্ট অর্থ পরিশোধে ১০ বছর পর্যন্ত সময় দেওয়ার সুযোগ রাখা হয়। এই সুবিধা গ্রহণ করলে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাদের খেলাপি হিসেবে চিহ্নিত করা হতো না।

২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ১০ শতাংশ দেখানো হলেও প্রকৃত হার এর দ্বিগুণ হতে পারে। পরিস্থিতি পরিবর্তনে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের সিদ্ধান্ত নেয়। নতুন নিয়মে ঋণের কিস্তি পরিশোধের নির্ধারিত সময় ৯০ দিন অতিক্রম করলেই সংশ্লিষ্ট ঋণকে খেলাপি হিসেবে গণ্য করার বিধান কার্যকর হয়। এর পরই ব্যাংক খাতের খেলাপি ঋণের হার বেড়ে প্রায় ৩৩ শতাংশে পৌঁছায়।

ব্যাংকিং খাতের সংকটের প্রভাব সরাসরি পড়ছে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ থাকলেও চলতি বছরে তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে। গত ৩৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশে সীমিত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার সরকারের শেষ দিকে প্রবৃদ্ধির হার প্রায় সাড়ে ৬ শতাংশ ছিল। তবে অন্তর্বর্তী সরকারের দাবি, আগের সময়ে প্রবৃদ্ধির পরিসংখ্যান অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছিল।

অর্থনীতির এই দুরবস্থার পেছনে ব্যাংক খাতের পাশাপাশি জ্বালানিসংকট ও শিল্প অস্থিরতাও ভূমিকা রাখছে। ইরান যুদ্ধের শুরুর দিকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশের বিভিন্ন শিল্প-কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। এর সঙ্গে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট উৎপাদন পরিস্থিতিকে আরো জটিল করেছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো বাংলাদেশে দারিদ্র্যের হার বাড়তে পারে। এতে কয়েক দশক ধরে দারিদ্র্য হ্রাসে অর্জিত অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোকে সচল রাখতে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত জরুরি তারল্য সহায়তা হিসেবে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার সরবরাহ করেছে। পরিমাণটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ দশমিক ২ শতাংশ। তবে এই সহায়তা ব্যাংক খাতের সামগ্রিক মূলধন ঘাটতি পূরণে যথেষ্ট নয়। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের মূল্যায়ন অনুযায়ী, আগামী কয়েক বছরে ব্যাংক খাতের মূলধন ঘাটতি মোকাবেলায় জিডিপির প্রায় ১০ শতাংশ সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।

এত বড় অঙ্কের অর্থায়নের সক্ষমতা সরকারের সীমিত। কর ফাঁকি ও দুর্বল রাজস্ব ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের রাজস্ব আহরণ জিডিপির মাত্র ৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার তুলনামূলক অবস্থানে পাকিস্তানের রাজস্ব আহরণ জিডিপির প্রায় ১০ শতাংশ। অন্যদিকে খাদ্য ও জ্বালানি ভর্তুকির ব্যয় মেটাতে গিয়ে সরকারের বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। ফলে সরকারি ব্যয় নির্বাহে ভালো অবস্থানে থাকা বেসরকারি ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিতে হচ্ছে সরকারকে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত তারল্য সহায়তা বাজারে অর্থের সরবরাহ বাড়াচ্ছে। এর ফলে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যাংক খাত পুনর্গঠনে নতুন সরকারের পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে। সংকটে থাকা ঋণগ্রহীতাদের জন্য গত জুনে ঋণের সুদ পরিশোধে অতিরিক্ত সময় দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। পাশাপাশি ব্যাংকঋণের সুদের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, সুদের হার নির্দিষ্ট করে দেওয়ার ফলে ঋণগ্রহীতার ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলোর সুদ নির্ধারণের স্বাধীনতা কমে যাচ্ছে। এতে ঋণ বিতরণে ঝুঁকি ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হতে পারে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, সমস্যাগুলো ভবিষ্যতের জন্য ফেলে রাখা হচ্ছে না। ব্যাংকের আর্থিক বিবরণী পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব ভালো প্রতিষ্ঠান সাময়িক সংকটে রয়েছে, তাদের ঋণ পরিশোধের জন্য বাড়তি সময় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

তবে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ব্যাংক খাতের নিয়ন্ত্রণ কাঠামোয় কতটা পরিবর্তন আনতে পারবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে। প্রতিবেদনে এক অর্থনীতিবিদের বরাত দিয়ে বলা হয়েছে, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীগুলোর একটি অংশ দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে ছিল। তাদেরও অর্থনৈতিক সুবিধা নেওয়ার আগ্রহ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের সংস্কার নতুন কোনো প্রভাবশালী গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করার হাতিয়ার হয়ে উঠতে পারে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। সাবেক এক সরকারি কর্মকর্তার মূল্যায়ন, বাংলাদেশের ক্ষমতার পালাবদল হলেও ব্যবস্থার মৌলিক পরিবর্তন হয়নি।

সব মিলিয়ে ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ, মূলধন সংকট, কমতে থাকা বেসরকারি বিনিয়োগ, দুর্বল রাজস্ব আহরণ এবং রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিকে কঠিন অবস্থানে নিয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু জরুরি তারল্য সহায়তা নয়, ব্যাংক পরিচালনায় জবাবদিহি, ঋণ আদায়, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করাই এখন নতুন সরকারের জন্য বড় পরীক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০