বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার মানুষ যেন ন্যায্যতা বঞ্চিত না হয় || আহসানুর রহমান রাজীব

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সীমান্ত জেলা সাতক্ষীরা, ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়নে বহুদিন ধরেই বঞ্চিত। মৎস্য, কৃষি, চিংড়ি রপ্তানি ও শিক্ষা ক্ষেত্রে এই জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উন্নয়ন পরিকল্পনা ও সরকারি বরাদ্দে বারবার বৈষম্যের শিকার হচ্ছে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে সাতক্ষীরার উন্নয়ন দাবিয়ে রাখা হয়েছে, এমন অভিযোগ স্থানীয়দের মুখে প্রায়ই শোনা যায়। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর সাম্প্রতিক সময়ে সরকার একটি প্রকল্প গ্রহণের পরই যখন সকলে আশার আলো দেখছিল, তখনই দেশের অন্যতম শীর্ষ দৈনিক প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদটির অ্যাঙ্গেলটা অনেকটা এমন যে, মন্ত্রিপরিষদ সচিবের বাড়ি সাতক্ষীরায় হওয়ায় এতো বড় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া এলজিইডির বরাত দিয়ে প্রকাশিত কিছু তথ্যও বিভ্রান্তিকর বলে মনে হয়েছে। এতে সাতক্ষীরার মানুষ ক্ষুব্ধ ও চরম ব্যথিত।

একই সংবাদে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের জেলার জন্য গৃহীত প্রকল্পের কথাও এসেছে। তার অংশটা যুক্তিযুক্ত হলেও সাতক্ষীরার অংশটি সম্পূর্ণ অযৌক্তিক।

সরকারি তথ্য বলছে, সাতক্ষীরা জেলায় মোট ৫৭৮৮টি সড়ক রয়েছে, যার দৈর্ঘ্য ১১,০০২.৪৬ কিলোমিটার। এর মধ্যে মাত্র ২২৩০.৩১ কিলোমিটার (২০.২৭%) পাকা, আর বাকি ৮৭৭২.১৫ কিলোমিটার (৭৯.৭৩%) এখনও কাঁচা। অথচ প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে জেলায় সড়কের দৈর্ঘ্য ৯২৯৪ কিলোমিটার, পাকা সড়কের পরিমাণ ৩৩৩৯ কিলোমিটার এবং সংস্কার হচ্ছে ১০৫০ কিলোমিটার সড়কে। বাস্তবে সংস্কার হচ্ছে মাত্র ১৯.২৭ কিলোমিটার সড়ক। অর্থাৎ, সংবাদটিতে বাস্তবতা আড়াল করে সাতক্ষীরার উন্নয়ন চিত্র বিকৃতভাবে উপস্থাপন করেছে। একই সাথে প্রাকৃতিক দুর্যোগকবলিত ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাতক্ষীরার আর্থসামাজিক অবস্থার বাস্তব চিত্র লুকানো হয়েছে।

বরাদ্দের হিসাব আরও উদ্বেগজনক। গত চার অর্থবছরে সাতক্ষীরায় চাহিদার তুলনায় মাত্র এক-তৃতীয়াংশেরও কম বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ১০৬.৪৬ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ ৪১.৪৩ কোটি টাকা (৩৯.০৫%), ২০২৩-২৪ অর্থবছরে ১১৮.৭৬ কোটির বিপরীতে ৪১.১৮ কোটি টাকা (৩৪.৬৭%), ২০২৪-২৫ অর্থবছরে ১২৮.৭৬ কোটির বিপরীতে ৪৪.১২ কোটি টাকা (৩৪.২৭%), চলতি ২০২৫-২৬ অর্থবছরে ১৪৩.৯৭ কোটির বিপরীতে মাত্র ৪০.৫১ কোটি টাকা (২৮.১৪%) বরাদ্দ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে, সাতক্ষীরার উন্নয়ন কি ইচ্ছাকৃতভাবে রুদ্ধ করা হচ্ছে?

সাতক্ষীরা কেবল ভৌগোলিকভাবে সীমান্ত জেলা নয়, একইসাথে উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙন এখানে বারবার আঘাত হানে। আশাশুনি, শ্যামনগরসহ দুর্গম জনপদের অধিকাংশ সড়ক এখনও কাঁচা। বিশেষ করে দ্বীপ ইউনিয়ন গাবুরায় প্রায় ৯৫ শতাংশ রাস্তা কাঁচা। ফলে বর্ষা ও দুর্যোগকালে এসব এলাকায় চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

শুধু সড়ক নয়, এখানে নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। বেড়িবাঁধ দুর্বল হয়ে থাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বারবার ভেঙে যায়। তখন লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে ধ্বংস হয় ঘরবাড়ি, ফসল ও মাছের ঘের। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়। লবণাক্ততার কারণে খাবার পানির তীব্র সংকট তৈরি হয়, নারীরা প্রতিদিন কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে মিষ্টি পানি সংগ্রহ করে আনতে বাধ্য হন। স্বাস্থ্যঝুঁকি তো আছেই।

সাতক্ষীরা শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়েছে। কিন্তু স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোতে চরম পিছিয়ে। গত ১৭ বছরে এই জেলায় একটি মাত্র মেডিকেল কলেজ হয়েছে। নেই রেল যোগাযোগ, নেই কার্যকর নৌপথ। ফলে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। বাইপাস সড়ক মাত্র কয়েক কিলোমিটার হলেও সেটিই একমাত্র উল্লেখযোগ্য সড়ক উন্নয়ন।

অথচ এই জেলা থেকে সরকার বিপুল রাজস্ব আয় করে থাকে, চিংড়ি রপ্তানি, কৃষিজ পণ্য, বনসম্পদসহ নানা উৎস থেকে। কিন্তু সেই তুলনায় ব্যয় অত্যন্ত নগণ্য। ফলে স্থানীয়রা বারবার প্রশ্ন তুলছেন, আমাদের থেকে আয় হয়, কিন্তু ব্যয় হয় কোথায়?

সাতক্ষীরাকে ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ট্যাগিং করা হয়েছে। এখানে একটি রাজনৈতিক দলের আধিপত্য বেশি। এমন অভিযোগ তুলে এই জেলাকে উন্নয়ন পরিকল্পনায় বঞ্চিত করা হয়েছে। অথচ বাস্তবে সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়, পরিশ্রমী এবং রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখছে প্রতিনিয়ত। এই রাজনৈতিক অপপ্রচারের ফলেই অবকাঠামো ও যোগাযোগ খাতে এ জেলা পিছিয়ে পড়েছে।

সাতক্ষীরা এখন এক সংকটময় অবস্থার মুখোমুখি। অবকাঠামো দুর্বল, কাঁচা রাস্তার আধিক্য, বেড়িবাঁধের ভঙ্গুরতা, পানীয় জলের সংকট, স্বাস্থ্যখাতের দুরবস্থা, সব মিলিয়ে জেলার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ জাতীয় উন্নয়ন পরিকল্পনায় এ জেলার জন্য বিশেষ কোনো কৌশল নেই।

আমরা মনে করি, সাতক্ষীরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ প্রয়োজন। সড়ক ও যোগাযোগ খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোয় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ, শক্তিশালী বেড়িবাঁধ, লবণাক্ততা মোকাবিলায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হবে। একইসাথে রেল ও নৌপথ সংযোগ স্থাপন জরুরি।

একটি জেলা যখন শিক্ষা, কৃষি ও অর্থনীতিতে এগিয়ে থাকে, অথচ অবকাঠামো ও যোগাযোগে বেহাল অবস্থায় পড়ে থাকে, তখন তা কেবল অবহেলা নয়, বরং পরিকল্পিত বঞ্চনা বলেই মনে হয়। সাতক্ষীরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার উন্নয়ন কেবল এখানকার মানুষের অধিকার নয়, বরং জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য।

প্রথম আলোর সংবাদটি নিঃসন্দেহে বাস্তবতা বিবর্জিত। এটা সাতক্ষীরাবাসীর সাথে অন্যায়। এটা সাতক্ষীরাবাসীর জন্য চরম ক্ষতির কারণ হতে পারে। সাতক্ষীরার মানুষ যেন ন্যায্যতা বঞ্চিত না হয়- এটাই প্রত্যাশা।

গণমাধ্যম কর্মী, skrazib@gmail.com

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

বিজিবি-বিএসএফ বৈঠক: ‘পুশ ইন’ নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

দেশে মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার

দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা ‘ধাওয়া খেয়ে’ আশ্রয় নিলেন থানায়

দেবহাটায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কালিগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক

১০

কেশবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

১১

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

১২

৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ

১৩

হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি

১৪

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

১৫

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

১৬

বর্ষার শুভ্র দূত ‌‘চালতা ফুল’ || ‎‎তারিক ইসলাম

১৭

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাইফুল বারী সফু

১৮

তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত হলেন এম মফিদুল হক লিটু

১৯

ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ

২০